বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদীর স্মরণসভা অনুষ্ঠিত
বাংলার মৃত্তিকার কবি, মুক্তিযোদ্ধা ও সাহিত্য সম্পাদক আল মুজাহিদী-এর স্মরণে রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবিতা বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান এবং কবি নাসির হেলাল।
কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি মুহাম্মদ আবদুল বাতেন, কবি হারুন ইবনে শাহাদাত, দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মানোয়ার, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন এবং কবি হাসিনা মমতাজ।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল ও কবি আরিফ হোসেন সবুজ আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন। এছাড়া কবি শহীদ সিরাজী, কবি নাসরিন ইসলাম শেলীসহ অন্যরা তাঁকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন।
আলোচনায় বক্তারা বলেন, আল মুজাহিদী ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মৃত্তিকালগ্ন কবি, সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সংগঠক। বাংলা সাহিত্যচর্চার প্রসার, নবীন লেখক সৃষ্টি ও লালন এবং সাহিত্যভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কবিতায় গভীর দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধবিরোধী মানবতাবোধ এবং মানবপ্রেমের অনন্য সমন্বয় লক্ষ করা যায়। বক্তারা তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্মরণসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নিয়ে প্রয়াত কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মূল্যবান মতামত দিন: