স্বপ্নভঙ্গের পর নতুন লড়াই: টি-শার্ট ও আমসত্ত্ব বিক্রি করছেন খুলনার নয়ন
বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) হয়ে দেশের সেবা করার স্বপ্ন নিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের তরুণ নয়ন বসাক। তবে একটি আকস্মিক সিদ্ধান্তে চাকরি হারিয়ে জীবনসংগ্রামের নতুন এক অধ্যায় শুরু করতে হয়েছে তাঁকে।
পরিবারের ভরণপোষণ ও টিকে থাকার লড়াইয়ে তিনি এখন বেছে নিয়েছেন ব্যবসার পথ। অনলাইন ও অফলাইনে কাস্টমাইজড টি-শার্ট এবং ঘরে তৈরি খাঁটি আমসত্ত্ব বিক্রি করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই সাবেক ক্যাডেট এসআই।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের সদস্য হিসেবে সারদায় প্রশিক্ষণ নিচ্ছিলেন নয়ন বসাক। তবে প্রশিক্ষণ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার ধাপে মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া এই ৩২১ জনেরই একজন ডুমুরিয়ার নয়ন।
হঠাৎ চাকরি হারানোর ফলে পরিবার নিয়ে তীব্র আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মুখে পড়েন নয়ন। তবে এমন কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে জীবনযুদ্ধে টিকে থাকার জন্য ছোট পরিসরে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তিনি অনলাইন এবং অফলাইনে ক্রেতাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড টি-শার্ট এবং ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত আমসত্ত্ব সরবরাহ করছেন।
নিজের এই নতুন উদ্যোগ ও ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে নয়ন বসাক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “পরিস্থিতির শিকার হয়ে পরিবারের ভরণপোষণের জন্য আমি এই ব্যবসা শুরু করেছি। আমার পণ্যগুলো সম্পূর্ণ খাঁটি পাবেন আশা করি।”
একটি বড় স্বপ্ন ভেঙে যাওয়ার পরও হতাশার অন্ধকারে তলিয়ে না গিয়ে যেভাবে এই তরুণ স্বনির্ভর হওয়ার লড়াই চালাচ্ছেন, তা অনেকের কাছেই প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
নয়ন বসাকের তৈরি কাস্টমাইজড টি-শার্ট এবং ঘরে তৈরি আমসত্ত্ব কিনতে বা তাঁর এই উদ্যোগের পাশে দাঁড়াতে যোগাযোগ করা যাবে তাঁর ফেসবুক পেজে। এখানে ক্লিক করুন: https://www.facebook.com/share/1BbWFmAW15/

আপনার মূল্যবান মতামত দিন: