টিসিবি পণ্য নিয়ে বিতণ্ডা, সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইলিয়াস আলী উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে। দীর্ঘদিন তিনি পরিবার নিয়ে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ আগস্ট দুপুরে উপজেলা শহরের হাজি মোড়ে ইলিয়াসকে রড ও হাঁতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ওইদিন মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিতরণ নিয়ে ইলিয়াসের ছেলে রিসালত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুপুরে ইলিয়াস মোটরসাইকেলে বাড়ি থেকে শৈলকুপা শহরে যাওয়ার পথে হাজি মোড়ে মাজেদুল তাঁকে থামিয়ে রড ও হাঁতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ইলিয়াস আলী মারা যান।
নিহতের পুত্রবধূ সীমা খাতুন বলেন, ‘কার্ড ছাড়া টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় মাজেদুলের। দুপুরে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় হাজি মোড়ে তাঁকে রড ও হাঁতুড়ি দিয়ে রক্তাক্ত করেন মাজেদুল। আমার শ্বশুর জ্ঞান হারিয়ে পড়ে গেলেও ছাড়েনি।’
টিসিবি ডিলার বিধান কুমার সাহা বলেন, ‘টিসিবির পণ্য বিতরণের সময় রিসালত হোসেনের সঙ্গে একজনের তর্ক ও হাতাহাতি হয়। এরপর জানতে পারি রিসালতের বাবাকে মারধর করা হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।’
অভিযুক্ত মাজেদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও, বন্ধ পাওয়া যায়।
থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এখনো কেউ তাদের কাছে অভিযোগ দেননি। পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: