শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় এইচএসসি পরীক্ষার্থীরা, যোগ হলো আরও দুই নতুন দাবি
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবি বহাল রেখেছেন। একই সঙ্গে তারা নতুন করে আরও দুটি দাবি উত্থাপন করেছেন। শিক্ষার্থীদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানার সাইন্সল্যাব মোড়ে ‘এইচএসসি ২৬ ব্যাচ’-এর সাধারণ পরীক্ষার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রায়াত আহমেদ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন।
শিক্ষার্থীদের নতুন দুই দাবির মধ্যে রয়েছে— সৃজনশীল (সিকিউ) ও এমসিকিউ অংশে পৃথকভাবে পাসের বিদ্যমান নিয়ম বাতিল করে দুই অংশের নম্বর একত্রে বিবেচনা করে পাসের ব্যবস্থা করা এবং অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিকল্প বা বিশেষ ব্যবস্থা গ্রহণ।
সংবাদ সম্মেলনে রায়াত আহমেদ বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীর একরোখা সিদ্ধান্তের কারণে একটি পুরো ব্যাচ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থার যেকোনো পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। কোনো নির্দিষ্ট ব্যাচকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়।
তিনি আরও দাবি করেন, বর্তমান প্রশ্নপদ্ধতির কারণে সৃষ্ট মানসিক চাপের মধ্যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং এ ঘটনার দায় শিক্ষামন্ত্রীর এড়ানোর সুযোগ নেই। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে রায়াত আহমেদ বলেন, তারা কোনো সরকারের বিরুদ্ধে নন; তাদের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং পরীক্ষা-সংক্রান্ত ভোগান্তির সমাধান। পাশাপাশি ‘বয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।
বৃষ্টিজনিত দুর্ভোগ এবং সাধারণ মানুষের চলাচলে অসুবিধার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবারের রাজপথের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচি ও আপডেট ‘স্টুডেন্ট অফ বাংলাদেশ’, ‘কলেজ নেটওয়ার্ক’ এবং বিভিন্ন কলেজের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ধানমন্ডি আইডিয়াল কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: