মাগুরায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বড়ই গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় একদল ডাকাত।
মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার বাড়িটি বড়ই গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাসের।
ভুক্তভোগী ফরিদ বিশ্বাস জানান, রাত আনুমানিক তিনটার সময় ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার বাড়ির পেছনের জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। একপর্যায়ে ঘরে থাকা আলমারি ও অন্যান্য আসবাবপত্র তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। পরিবারের সদস্যরা আতঙ্কে কোনো ধরনের বাধা দিতে পারেননি। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হয়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতদের শনাক্তে কাজ শুরু করেছে।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। তারা নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: