জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেধাবী হল পরিদর্শন ও পুরস্কার বিতরণ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে মেধাবী হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো: রইস উদ্দীন। পরে তিনি সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেধাবী হলে 'আউটডোর ইভেন্ট 2.0 ও রেন্ট অফ দা ইয়ার' শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: রইস উদ্দীন।
মেধাবী হলের ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং ডিপুটি ইনচার্জ মোঃ জুবায়ের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "রাজধানীর পুরান ঢাকার প্রতিকূল পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করছেন, তার দ্বিতীয় উদাহরণ সম্ভবত পৃথিবীতে নেই। তোমরা সম্ভাবনাময় তরুণ তোমরাই আশার আলো।"
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, "মেধাবী হল এর থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য গড়ে তুলবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মেধাবী প্রকল্প তোমাদের জন্য রহমত ও নিয়ামক। মেধাবী হল থেকে বের হয়ে তোমরা সমাজের সম্পদ ও অনুকরণীয় আদর্শ হবে।"
অনুষ্ঠানে মেধাবী হলের প্রভোস্ট অধ্যাপক ওমর ফারুক বলেন, "তোমরা যে সুযোগ পেয়েছো এটা সৌভাগ্যের বিষয়। পরিশ্রম ও দুঃখ কষ্ট ছাড়া জীবনে সার্থকতা আসে না। তোমরা কাজের মাধ্যমে নিজেদের তা প্রমাণ করবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান, সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নঈম আক্তর ছিদ্দিক এবং পরিবহন প্রশাসক অধ্যাপক তারিক বিন আতিক।
অনুষ্ঠান শেষে উপাচার্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মূল্যবান মতামত দিন: