infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

নেপালে হিমবাহ ধস, বাংলাদেশে বাড়ছে আকস্মিক বন্যার শঙ্কা: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

নেপালের হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা দক্ষিণ এশিয়ার নদী অববাহিকা, বিশেষ করে বাংলাদেশের জন্য নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নেপালে ঘটে যাওয়া এমন দুর্যোগ সরাসরি বাংলাদেশে বড় বন্যা সৃষ্টি করার আশঙ্কা আপাতত কম হলেও হিমালয়ের দ্রুত উষ্ণায়ন, হিমবাহ ধস, ভূমিধস ও নদীপথে আকস্মিক বাঁধ তৈরির ঘটনা ভবিষ্যতে তিস্তা, পদ্মা, সুরমা ও মেঘনা অববাহিকার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

গত ২৬ আগস্ট নেপালের ল্যাংটাং লিরুং পর্বতসংলগ্ন তিব্বত সীমান্তের উচ্চাঞ্চলে প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় বিশাল একটি হিমবাহ ধসের ঘটনা ঘটে। এতে বরফ ও পাথরের বিপুল অংশ নিচে নেমে এসে নদীর প্রবাহ আটকে দেয়। পরে সেই প্রাকৃতিক বাধা ভেঙে কাদা, পাথর ও বিপুল জলরাশি প্রচণ্ড বেগে নিচের দিকে নেমে আসে। এতে নেপালের রসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার তিমুরে ও স্যাব্রুবেসি এলাকায় লেন্দে নদী, ভোতে কোশী ও ত্রিশূলী নদীর অববাহিকায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দেয়।

অল্প সময়ের মধ্যেই এই প্রবল স্রোত একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র, সেতু, সড়ক ও জনপদ ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক স্যাটেলাইট বিশ্লেষণেও হিমবাহ ধসের ফলে সৃষ্ট পলি ও ধ্বংসাবশেষের কারণে নদীর পানি দ্রুত বিপৎসীমার অনেক ওপরে উঠে যাওয়ার চিত্র উঠে এসেছে।

প্রথম দৃষ্টিতে ঘটনাটি নেপালের পাহাড়ি অঞ্চলের একটি স্থানীয় দুর্যোগ মনে হলেও জলবায়ু ও নদী বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব ও শিক্ষা নেপালের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। হিমালয়ের উজানে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা বাড়তে থাকলে দক্ষিণ এশিয়ার নিম্নাঞ্চলের দেশগুলোকে আরও বড় ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

নেপালের নদী থেকে বাংলাদেশের পদ্মা

নেপালের ত্রিশূলী ও ভোতে কোশী নদী গণ্ডকী নদী ব্যবস্থার অংশ। এই নদী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। গঙ্গা পরে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। ফলে হিমালয়ের উজানে বড় ধরনের ভূমিধস, পাথরধস বা আকস্মিক বন্যার ঘটনায় বিপুল পরিমাণ পলি, বালি ও নুড়ি দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে বাংলাদেশের নদী অববাহিকায় পৌঁছানোর সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পলি বাংলাদেশের নদীগুলোর তলদেশে জমা হলে দীর্ঘমেয়াদে নাব্যতা কমতে পারে। নদীর পানি ধারণক্ষমতা কমে গেলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিতেও নদী উপচে পড়ার ঝুঁকি বাড়তে পারে। তবে নেপালে সৃষ্ট বর্তমান আকস্মিক বন্যার পানি সরাসরি বাংলাদেশে এসে একই মাত্রার বিপর্যয় সৃষ্টি করবে—এমন আশঙ্কা আপাতত নেই।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, নেপালের ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে দুর্যোগকে আলাদা আলাদা করে দেখার সুযোগ নেই। হিমবাহ গলন, পাথরধস, ভূমিধস, নদী আটকে যাওয়া, আকস্মিক বাঁধ ভেঙে যাওয়া, ফ্ল্যাশ ফ্লাড এবং ভাটিতে পানি ছড়িয়ে পড়া একই ধারাবাহিক বিপর্যয়ের অংশ হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের মতে, হিমালয়ের উচ্চাঞ্চলে বরফ ও পাথরের স্তরে আগে থেকেই ফাটল বা দুর্বলতা থাকলে তাপমাত্রা সামান্য বাড়ার পর বরফ গলতে শুরু করতে পারে। একপর্যায়ে বড় ধরনের ভাঙন সৃষ্টি হলে বিপুল বরফ ও পাথর একসঙ্গে নিচে নেমে নদীর প্রবাহ আটকে দিতে পারে।

পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে কাদা, পাথর ও বিপুল পানি দ্রুত নিচের দিকে নেমে ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে। এ ধরনের বন্যার ক্ষেত্রে সাধারণ বন্যার মতো কয়েক ঘণ্টা বা কয়েক দিন আগে সতর্ক করার সুযোগ নাও থাকতে পারে।

বাংলাদেশে সরাসরি ঝুঁকি কতটা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, নেপালের মতো বড় হিমবাহ ধস ও পাথরধস বাংলাদেশে সরাসরি ঘটার আশঙ্কা নেই। নেপালে সৃষ্ট বন্যার পানি নদীপথে বাংলাদেশে পৌঁছানোর সুযোগ থাকলেও তা সরাসরি বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি করবে—এমন আশঙ্কা বর্তমানে নেই।

তার মতে, নেপাল থেকে বাংলাদেশে আসার পথে পানিকে দীর্ঘ নদীপথ পাড়ি দিতে হবে। এ সময় পানির একটি বড় অংশ ভারতীয় অববাহিকায় ছড়িয়ে পড়বে এবং পলি বহনের কারণে পানির স্রোতের তীব্রতাও কমে আসবে। ফলে নেপালের বর্তমান আকস্মিক বন্যার সরাসরি প্রভাব বাংলাদেশে বড় আকারে পড়ার আশঙ্কা কম।

তবে ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে উজানের অন্য কোনো নদী অববাহিকায় একই সময়ে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তিস্তা-মেঘনা অববাহিকায় ভবিষ্যতের শঙ্কা

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো হিমালয় অঞ্চলের ভবিষ্যৎ পরিবর্তন। হিমালয় বিশ্বের দ্রুত উষ্ণ হয়ে ওঠা অঞ্চলগুলোর একটি। নেপালে যে ধরনের হিমবাহ ধস ও প্রাকৃতিক বাঁধ ভেঙে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে, ভবিষ্যতে সিকিম, আসাম, মেঘালয়সহ হিমালয়সংলগ্ন অন্যান্য পাহাড়ি অঞ্চলেও একই ধরনের ঘটনা ঘটতে পারে।

এসব অঞ্চলে বড় ধরনের ভূমিধস বা ধ্বংসাবশেষ জমে পাহাড়ি নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গেলে প্রাকৃতিক বাঁধ তৈরি হতে পারে। সেই বাঁধ হঠাৎ ভেঙে গেলে অল্প সময়ের মধ্যে বিপুল পানি নিচের দিকে নেমে আসতে পারে। এর প্রভাব বাংলাদেশের তিস্তা, সুরমা ও মেঘনা অববাহিকায় আকস্মিক চাপ তৈরি করতে পারে।

ড. জিল্লুর রহমানের মতে, নেপালের বর্তমান ঘটনা বাংলাদেশের জন্য সরাসরি বন্যার চেয়ে ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পাহাড়ি নদীতে প্রাকৃতিক বাঁধ তৈরি ও তা ভেঙে যাওয়ার ঘটনা পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানো জরুরি।

আঞ্চলিক সমন্বয়ের ঘাটতি বড় উদ্বেগ

নেপালের এই দুর্যোগ আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাও সামনে এনেছে। উজানে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটলে ভাটির দেশগুলোকে দ্রুত রিয়েল-টাইম পানি, বৃষ্টিপাত ও নদীর প্রবাহসংক্রান্ত তথ্য দেওয়ার ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত, চীন, নেপাল ও বাংলাদেশের মধ্যে সমন্বিত আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা না গেলে ভবিষ্যতে হিমালয়কেন্দ্রিক আকস্মিক দুর্যোগের প্রভাব মোকাবিলা কঠিন হতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো ভাটির দেশের জন্য উজানের পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের করণীয় কী

নেপালের সাম্প্রতিক হিমবাহ ধস বাংলাদেশের জন্য শুধু বন্যার সতর্কতা নয়, বরং জলবায়ু অভিযোজন ও নদী ব্যবস্থাপনার কৌশল নতুন করে ভাবার বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গঙ্গা, তিস্তা ও মেঘনা অববাহিকার দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য আঞ্চলিক পানি-কূটনীতি জোরদার করা প্রয়োজন।

এর পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে তাৎক্ষণিক উপগ্রহ তথ্য, বৃষ্টিপাত, নদীর পানি ও হাইড্রোলজিক্যাল ডাটা আদান-প্রদানের ব্যবস্থা আরও কার্যকর করা জরুরি। দেশের নদীগুলোর নাব্যতা ধরে রাখতে নিয়মিত নদী খনন এবং পলি ব্যবস্থাপনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

নেপালের হিমবাহ ধস তাই বাংলাদেশের জন্য তাৎক্ষণিক বড় বন্যার পূর্বাভাস না হলেও এটি একটি দীর্ঘমেয়াদি জলবায়ু সতর্কবার্তা। হিমালয়ের পরিবর্তিত পরিবেশ, আকস্মিক বন্যা এবং আন্তঃসীমান্ত নদীর গতিপথের পরিবর্তন ভবিষ্যতে বাংলাদেশের নদী ও জনপদের ওপর কী ধরনের চাপ তৈরি করতে পারে, সেটিই এখন নীতিনির্ধারকদের জন্য বড় প্রশ্ন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নেপালে হিমবাহ ধস, বাংলাদেশে বাড়ছে আকস্মিক বন্যার শঙ্কা: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর