হাসিনার আত্মসমর্পণের আগেই হয়তো তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে তার আগেই তাকে গ্রেফতার করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনি সহায়তা নিশ্চিত করতে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বার্তার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ফাঁসির আসামি হলেও কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করতে চান, তবে হয়তো আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করা হবে।’
মন্ত্রী বলেন, ‘তিনি এলে আসবেন, এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হবে না, বরং আইন যে ক্ষমতা দিয়েছে, সরকার ঠিক সেই সুযোগ প্রয়োগ করবে।’
পাসপোর্ট ছাড়া তার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘উনি কীভাবে আসবেন তা তার নিজস্ব বিষয়। তবে সরকারের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন প্রদত্ত ক্ষমতার যথাযথ প্রয়োগ করা হবে।’
অন্যদিকে জাতীয় সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বা বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনো সরকার পর্যায়ে কোনো আলোচনা হয়নি। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ববর্তী অধিবেশন শেষ হওয়া থেকে পরবর্তী অধিবেশন আহ্বানের নির্ধারিত ৬০ দিনের সময়সীমার সঙ্গে এই বিধানের সামঞ্জস্য রয়েছে। সেই হিসাব বিবেচনা করে এই মুহূর্তে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন দেখা যাচ্ছে না, তবে সরকার প্রয়োজনীয় মনে করলে সিদ্ধান্ত নিতে পারে।’

আপনার মূল্যবান মতামত দিন: