‘জুলাইয়ের স্পিরিট এখন আইসিইউতে’: আইনজীবী আনোয়ারুল ইসলাম
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ‘স্পিরিট’ বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতিতে ম্লান হয়ে যাচ্ছে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মোঃ আনোয়ারুল ইসলাম।
তাঁর মতে, তখনকার সেই তীব্র আন্দোলন ও ত্যাগের চেতনা আজ যেন ‘আইসিইউতে’ চলে গেছে। এই অবস্থায় দলে ঘাপটি মেরে থাকা সুযোগসন্ধানী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি খোলা চিঠিতে আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁর এই গভীর উদ্বেগের কথা জানান।
‘অনেকে আজ বাপের সম্পত্তি মনে করছেন’
বিবৃতিতে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন বাজি রেখে এবং মৃত্যুকে মেনে নিয়ে অংশ নিয়েছিল। আজ যারা সেই আন্দোলনের সুফল ভোগ করছেন, তাঁদের আচরণে মনে হচ্ছে যেন এটি তাঁদের পৈতৃক সম্পত্তি। অথচ তৎকালীন সাধারণ আন্দোলনকারীদের আজ আর কেউ খোঁজ রাখছে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাঝখানে কিছু লোকজন ঢুকে পুরো জুলাইয়ের স্পিরিটকে নষ্ট করেছে। ঘাপটি মেরে থাকা অজস্র সুবিধাবাদী পুরো জুলাইকে খেয়ে বসেছে। ওপার থেকে জুলাইয়ে নিহত মানুষের আত্মাগুলো যেন আমাদের অভিশাপ না দেয়।"
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, "আপনার সরকার পরিচালনার বর্তমান নেতৃত্বের ওপর আমরা শতভাগ আস্থা রাখছি। সংগঠনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এমনকি ঘাপটি মেরে থাকা যারা দলের দুর্দিনে কোথাও ভূমিকা রাখে নাই কিন্তু এখন বিরাট ত্যাগী সেজে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিন।"
সংগঠনের প্রতিটি স্তরে সঠিক ও যোগ্য ব্যক্তি নির্বাচন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে দেশে ইতিবাচক পরিবর্তন আসবেই এবং একজন আশাবাদী মানুষ হিসেবে তিনি এই জোরালো প্রত্যাশা রাখছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর থেকে বিভিন্ন পর্যায়ে সুযোগসন্ধানীদের অনুপ্রবেশের ব্যাপারে দলের তৃণমূল ও সাধারণ জনগণের পক্ষ থেকে উদ্বেগের কথা জানানো হচ্ছে। অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের এই আবেদনকে সেই উদ্বেগেরই একটি প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনার মূল্যবান মতামত দিন: