বিএনপি নেতা পরিচয়ে হামলা: সংখ্যালঘু পরিবারের বাড়িতে তালা, দুই শিশুসহ তিনজন অবরুদ্ধ
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল পশ্চিমপাড়া ময়ূরী খালপাড় এলাকায় এক সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা পরিচয়ে একদল ব্যক্তি বাড়িটি দখলে ব্যর্থ হয়ে বাইরে থেকে মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে দুই শিশুসহ তিনজন নারী দীর্ঘ সময় ঘরের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। অবরুদ্ধদের মধ্যে ছিলেন জোসনা মণ্ডল (৩৮), তার ছয় বছর বয়সী মেয়ে উপমা মণ্ডল এবং দেবব্রত মণ্ডলের ১১ বছর বয়সী মেয়ে দেবশ্রী মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবব্রত মণ্ডল (দেবু) বৈধভাবে জমি কিনে সেখানে একটি একতলা বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দেবব্রত মণ্ডলের পরিবারের অভিযোগ, সংখ্যালঘু হওয়ায় ভীতসন্ত্রস্ত অবস্থায় তিনি ইতোমধ্যে ২ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৮ লাখ টাকা দিতে না পারায় অভিযুক্তরা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে একদল লোক নিয়ে বাড়ি দখলের চেষ্টা চালায়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা জোসনা মণ্ডল ও দুই শিশু নিরাপত্তার জন্য দরজা বন্ধ করে দেন। এরপর কয়েকজন ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা তিনজন দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় থাকেন।

অবরুদ্ধ অবস্থায় জোসনা মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমাদের বাঁচান। ওরা আমাদের মেরে ফেলবে। আমরা ঘরের ভেতরে আটকা পড়ে আছি। যেকোনো সময় বড় বিপদ হতে পারে।"
তিনি জানান, তার মা অসুস্থ অবস্থায় খুলনার একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন। সেখান থেকে খাবার আনতে এসে শিশু সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করার পরই হামলার ঘটনা ঘটে।
দেবব্রত মণ্ডলের স্ত্রী তৃপ্তি বিশ্বাস মুঠোফোনে বলেন, "অনেক কষ্ট করে মাথা গোঁজার ঠাঁই হিসেবে এই বাড়ি তৈরি করেছি। আমাদের সব বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও চাঁদা দাবি করে আমাদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।"
তার অভিযোগ, হামলার সময় প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "আমার ছোট্ট মেয়েটা এখনো ওই বাড়ির ভেতরে আটকে আছে। আমরা জানি না ওকে আর দেখতে পারব কিনা। আমরা সংখ্যালঘু বলে কি আমাদের বিচার হবে না?"
ঘটনার খবর পেয়ে জোসনা মণ্ডলের বড় বোন স্বপ্ন সানা ঘটনাস্থলে এসে দেখেন, বাড়ির মূল গেটে বাইরে থেকে তালা ঝুলছে। বৃষ্টির মধ্যেই তিনি উদ্বিগ্ন অবস্থায় বাইরে অপেক্ষা করেন।
দেবব্রত মণ্ডল বলেন, "তিলে তিলে জমানো অর্থ দিয়ে জমি কিনে বাড়ি করেছি। সব বৈধ কাগজপত্র থাকার পরও আমার কাছে চাঁদা দাবি করা হয়েছে। আমি হিন্দু বলেই হয়তো বিচার পাচ্ছি না। আমার পরিবারকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।"
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, "ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভেতরে যারা অবস্থান করছেন, তারা নিজেদের ইচ্ছাতেই ঘরের মধ্যে রয়েছেন।"
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘটনাটি কেবল জমি-সংক্রান্ত বিরোধ নয়; এটি পরিকল্পিতভাবে চাঁদাবাজি, হামলা ও বাড়ি দখলের চেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: