নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী
১৭ বছরের অব্যবস্থাপনা কাটিয়ে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো হচ্ছে
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জবাবদিহিহীনতা দূর করে শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বিগত ১৭ বছর এই খাতে কোনো জবাবদিহিতা ছিল না। আমরা মাত্র ছয় মাসে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু করেছি"।
মন্ত্রী নওগাঁ জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার বিপরীতে ১০০ শয্যার খাবার বরাদ্দের সংকটের কথা উল্লেখ করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এ সংকট কাটাতে ও খাবারের মান উন্নয়নে ১৭৫ টাকা থেকে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ২৫০ টাকা করা হচ্ছে বলেও জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী রোগীদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় এক রোগী হাসপাতালে স্যালাইন থাকা সত্ত্বেও তাকে স্যালাইন দেওয়া হয়নি বলে মন্ত্রীর কাছে অভিযোগ করলে মন্ত্রী সংশ্লিষ্ট নার্সকে স্যালাইন কিনতে খরচ হওয়া টাকা দ্রুত সে রোগীকে ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং সে নার্সের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
এসময় মন্ত্রীর সাথে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: