এবার স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে
বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং লীড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে "স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী মজুমদার এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
এছাড়াও গোলাপগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষাজীবন থেকেই ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত হলে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে এবং ভবিষ্যতে তারা আর্থিকভাবে সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয়, নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ এবং ডিজিটাল আর্থিক লেনদেন সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নামে স্টুডেন্ট ব্যাংক হিসাব খুলে সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মূল্যবান মতামত দিন: