কচুয়ার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়া উপজেলার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ এবং শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নবনির্বাচিত পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ শাহ ইমরান খান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিয়মিত পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং তাদের প্রতিভা বিকাশে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
অভিভাবক ও মা সমাবেশটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশা প্রকাশ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: