প্রধানমন্ত্রীকে সারজিস
দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন
হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৯ জুলাই) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি অভিব্যক্তি ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, হবিগঞ্জে এনসিপির ওপর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং উত্তরাঞ্চলের রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলার পূর্বনির্ধারিত দু’টি পদযাত্রা সাময়িক স্থগিত করে ২৯ জুলাই বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভে এনসিপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার ঘোষণা দিয়ে পোস্টে তিনি লেখেন, ‘সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে অংশ নেবেন।’
পোস্টের শেষপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সারজিস আলম লেখেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’

আপনার মূল্যবান মতামত দিন: