দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনদের আস্থা দরকার বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, `রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।'
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
`রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিপরীতধর্মী না' উল্লেখ করে মাহফুজ আলম আরও বলেন, `জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার।'
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, `লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সকল অনাহুত সঙ্কট সবাই মিলে দূর করতে হবে।'
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, `আমাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্রের আর অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সাথে সাথে গড়তেও হবে। রাষ্ট্র ভঙ্গুর/ ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনটাই ঘটতে না দেয়া।'

আপনার মূল্যবান মতামত দিন: