সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দায়ের করা হত্যা প্রচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। ফলে উল্টো আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে খুন-জখমের হুমকি-ধামকি দিচ্ছে।
রোববার (২ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার আইচপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে আল ইকরামুল হাসান এই অভিযোগ করেন.।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে আইচপাড়া গ্রামের আবুল খায়ের ও মো. পল্টুর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারা জোরপূর্বক জমি দখলের হুমকি দিচ্ছিল। এ ঘটনায় গত ২৭ জুন তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানতে পেরে আবুল খায়ের গংরা ক্ষিপ্ত হয়ে গত ১৩ জুলাই তার বাবা মো. শফিকুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় তাদের বিক্ষিপ্ত মারপিটে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় ৮টি সেলাই দিতে হয়। টানা ছয় দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন।
আল ইকরামুল হাসান আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটি সদর থানায় এফআইআর হিসেবে (নং-৪৮/৩৩১) গণ্য করা হয়। কিন্তু মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উপরন্ত আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া আইচপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের দেয়াল ও প্রাচীর ভাঙচুর করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন।
তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দ্রুত মামলার আসামিদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তার পরিবারের সংসদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে এবিষয়ে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: