নকশা-অনুমোদন ছাড়াই হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে লাইসেন্স দেয়: সিডিএ চেয়ারম্যান
চট্টগ্রাম নগরের আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে একাধিক হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ও অবৈধ স্থাপনা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও এসব হাসপাতালকে কীভাবে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত লাইসেন্স বা অনুমোদন দিচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে অভিযান চালায় সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে শেভরন হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয়ের চিত্র পাওয়া যায়। অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটির গ্রাউন্ড ফ্লোর ও প্রথম তলায় গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা। কিন্তু সেখানে পার্কিংয়ের পরিবর্তে বিভিন্ন স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ নির্মাণ করা হয়েছে।
এ অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য তিন মাসের সময় দিয়েছে সিডিএ।
অন্যদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালানোর সময় মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ভবনের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বছরের পর বছর ধরে এসব বাণিজ্যিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বা ডিজি অফিস কীসের ভিত্তিতে এসব হাসপাতালকে অনুমোদন বা লাইসেন্স দিচ্ছে, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
অভিযানে পরিদর্শন করা নকশাবহির্ভূত ও ত্রুটিপূর্ণ হাসপাতালগুলোর মালিকপক্ষকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সিডিএ। সংস্থাটির পক্ষ থেকে এক মাসের মধ্যে ভবনের নকশাসংক্রান্ত সব ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব হাসপাতাল ও ক্লিনিক নকশা ও অনুমোদনসংক্রান্ত ত্রুটি সংশোধন করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সময়সীমা শেষ হওয়ার পর প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিডিএর কর্মকর্তারা জানান, নগরের বিভিন্ন এলাকায় নকশাবহির্ভূত ও অনুমোদনহীনভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। ভবন নির্মাণের অনুমোদিত নকশা অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা এবং নগর পরিকল্পনা ও নিরাপত্তাবিধি মানার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রামে আবাসিক ও বাণিজ্যিক ভবনে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে নকশা ও অনুমোদন নিয়ে দীর্ঘদিনের অনিয়ম খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিডিএ। তবে একই ভবন বা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা পরিচালনার অনুমোদন কীভাবে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

আপনার মূল্যবান মতামত দিন: