টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ আটক
কুষ্টিয়ার খোকসায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আটক করা হয় তাকে।
সুজাউদ্দিন উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত বুধবার শিশুটিকে ধর্ষণ করেন সুজাউদ্দিন। ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সুজাউদ্দিন এর আগেও টাকার প্রলোভন দেখিয়ে এলাকার শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেনের ভাষ্য, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুজাউদ্দিনের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ ছিল। সেইসব অভিযোগেরও তদন্ত করা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: