খুলনার জিরোপয়েন্টে বিপুল পরিমাণ ডায়মন্ড ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১
খুলনার হরিণটানা থানা পুলিশের বিশেষ চেকপোস্টে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ডায়মন্ড ও স্বর্ণালংকারসহ মো. সাইদুল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড়সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সন্দেহজনক গতিবিধির কারণে সাইদুলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে স্বর্ণখচিত ডায়মন্ডের ৩টি চেইন ও ১টি লকেট, ৪৫ পিস ডায়মন্ডের নাকফুল, ১২ জোড়া কানের দুল, ৮ পিস লকেট, ৩টি আংটি ও ২টি ডায়মন্ডের ব্রেসলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়া কুড়ি গ্রামের মীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতেন।
এ ঘটনায় হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: