infoamaderdin@gmail.com শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২০০ টাকা; বেড়েছে অধিকাংশ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

দেশজুড়ে টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। সরবরাহ ব্যাহত হওয়া এবং উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে অল্প কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকার আশপাশে বা তারও বেশি। ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে সবজি পরিবহনে বিলম্ব হচ্ছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।

বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কাঁচা মরিচের বাজারেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। কয়েক দিন আগেও ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানভেদে ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে অন্যান্য সবজির তুলনায় পেঁপের দাম কিছুটা কম রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অন্যদিকে গাজরের দাম রয়েছে ১৬০ টাকা কেজি।

রাজধানীর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা জানান, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক গতিতে ফিরলে ধীরে ধীরে বাজারে সবজির দাম কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আনিসুজ্জামান নামে এক ক্রেতা অভিযোগ করেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজার করা আরও কঠিন হয়ে পড়েছে।

টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব এখন রাজধানীর কাঁচাবাজারে স্পষ্ট। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতেও সবজির বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২০০ টাকা; বেড়েছে অধিকাংশ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর