জুলাই শহীদ দিবসে মনিরামপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল, শহীদদের আত্মত্যাগ স্মরণে অঙ্গীকার পুনর্ব্যক্ত
যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুম মুখর হয়ে ওঠে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক ফজলুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মোস্তাকিম আল রাব্বি সাকিব, আনাস মাহমুদ রুম্মন, রিযাদ হোসেন, মনিরুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মনিরামপুর উপজেলার বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

আপনার মূল্যবান মতামত দিন: