সারজিস-নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন উপজেলা পরিষদ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো, সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসী এবং পৌর শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ন্যাক্কারজনক এবং গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: