পল্লবীতে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ
রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পল্লবীর তালাব ক্যাম্পের সামনে আজ শনিবার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পল্লবী তালাব ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মৃতদেহের গোসলখানা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষে ছিল বিএনপির সমর্থক সাদাকাত খান ফাক্কু এবং অপর পক্ষে জামায়াত সমর্থিত মানিক ও সুমন।
বাসিন্দারা জানান, জামায়াত সমর্থক মানিক ও সুমনের নেতৃত্বে ক্যাম্পে একটি লাশ গোসল করানোর ঘর নির্মাণের কাজ চলছিল। এতে বাধা দেন সাক্কুর অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫টি ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

আপনার মূল্যবান মতামত দিন: