ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট ও কো-পাইলট নিহত
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, উড্ডয়নের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে গিয়ে পড়ে। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন তিনি।
বিমান বিধ্বস্তের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: