কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন যুবক
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিপনের স্ত্রী রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে শিপনের সঙ্গে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করলে শিপন ধারালো অস্ত্র দিয়ে দুজনের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ফিরোজা বেগম।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার পর অভিযুক্ত শিপন নিজেই থানায় এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, স্ত্রী রাত্রির সঙ্গে তার আইনগতভাবে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: