ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা, চলছে আলোচনা
রাজধানী ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে আয়োজিত দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার এবং দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। এ লক্ষ্যেই ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই। রাজধানীর চারপাশের নদী ও খালগুলোকে পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে যোগাযোগব্যবস্থারও উন্নয়ন ঘটবে।
মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশে যারা কাজ করেন, তাদের আলোচনা কম এবং সমালোচনা বেশি হয়। যারা ঘরে বসে কাজ করেন না এবং ভালো কাজ সহ্য করতে পারেন না, তারাই বেশি সমালোচনা করেন।’
তিনি আরও বলেন, সবকিছুর মধ্যে দলবাজি এবং দলকে টেনে আনার চেষ্টা করা হয়। তবে ক্লিন বাংলাদেশ ও গ্রিন বাংলাদেশ গড়তে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রাজধানীর চারপাশের নদী-খাল রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল দখলমুক্ত এবং সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, নগরীর পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে পরিকল্পনাটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং এর বাস্তবায়ন, রুট, অর্থায়ন ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন: