এমপির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মো. আয়নুল হকের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে এই ঘটনাটি ঘটে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। একটি প্রতিষ্ঠান, অথচ বেশ কয়েকটি এলাকা থেকে জোড় দাবি রয়েছে তাদের এলাকায় এটি স্থাপনের জন্য।
এ অবস্থায় টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। আজ শনিবার বিকালে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য আয়নুল হক।
শামসুল ইসলামের অভিযোগ, সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহুর্তে আচমকা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে নিজের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করেছেন এমপি আয়নুল হক।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

আপনার মূল্যবান মতামত দিন: