চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু ক্যাম্প, ছানি রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের সুযোগ
সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
শনিবার (১৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একই সঙ্গে ছানি রোগে আক্রান্ত উপযুক্ত রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্র (গাক), বগুড়ার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম।
বক্তারা বলেন, চোখের রোগ সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান।

আপনার মূল্যবান মতামত দিন: