বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেপ্তার এনসিপি নেতা
সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রণয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আফতাব মজুমদার এনসিপির মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া গত মে মাসে দলীয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়েছিল।
চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে আফতাবের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ওই নারী জানান, শুরুতে শারীরিক সম্পর্কের প্রস্তাবে তিনি অসম্মতি জানালেও গত ১৪ জুলাই অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের আশ্বাস দিয়ে বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরবর্তী সময়ে বিয়ের জন্য চাপ দেওয়া হলে আফতাব গড়িমসি শুরু করেন এবং একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এর মধ্যেই ভুক্তভোগী জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে জানান, ‘ধর্ষণ মামলার এনসিপি চট্টগ্রাম মহানগরের নেতা আফতাব মজুমদারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাজতে আছেন। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’ তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে তিনি কোনো তথ্য প্রদান করেননি।
অনুসন্ধানে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নগরীর হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পর্যায়ে ওই নেতার ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে বিভিন্ন গুঞ্জন প্রচলিত থাকলেও এর সপক্ষে কোনো দাপ্তরিক প্রমাণ মেলেনি। এই গ্রেফতারের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার মূল্যবান মতামত দিন: