গভীর রাতে বাড়িতে হামলা, তরুণীর হাত বিচ্ছিন্ন
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সায়ন পালিয়ে গেছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সায়ন ওই বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে সায়ন তাদের ওপরও হামলা চালান। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন গুরুতর আহত হন। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হামলার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্মৃতি আক্তার, সেলিম হোসেন ও রেবেকা খাতুনকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে সায়ন ওই বাড়িতে ঢুকে এমন নৃশংস হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। প্রেমের সম্পর্কের বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: