মাগুরায় জিপিএ-৫ পাওয়া ৪৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
মাগুরায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের জামরুলতলায় অবস্থিত স্থানীয় লতা কমিউনিটি সেন্টারের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। এর পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোক না কেন, সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং নিজের প্রতিভা ও দক্ষতা বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সেক্রেটারি ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। উচ্চশিক্ষার সম্ভাবনা, ভবিষ্যৎ পেশা নির্বাচন এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের মাগুরা জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দিকনির্দেশনামূলক পর্ব শেষে জিপিএ-৫ পাওয়া ৪৫০ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন আয়োজন তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে জানান তাঁরা।

আপনার মূল্যবান মতামত দিন: