সংগীতশিল্পী ও গণমাধ্যমকর্মী লোপা হোসাইন
‘লোডশেডিং কাকে বলে তা আগের সরকার ভুলিয়ে দিয়েছিল’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চলমান তীব্র লোডশেডিং, গ্যাস ও সুপেয় পানির সংকটে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও গণমাধ্যমকর্মী লোপা হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান সময়ের নাগরিক দুর্ভোগ ও সেবামূলক খাতের বেহাল দশা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে লোপা হোসাইন উল্লেখ করেন, বসুন্ধরা এলাকায় তিনি প্রায় ১১ বছর ধরে বসবাস করছেন। বিগত সরকারের আমলের কথা স্মরণ করে তিনি লিখেছেন, লোডশেডিং কাকে বলে তা আগের সরকার একরকম ভুলিয়েই দিয়েছিল, কিন্তু বর্তমান বিএনপি সরকারের আমল তা নতুন করে স্মরণ করিয়ে দিল। গত ৯ মাস ধরে ধারাবাহিক লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
বিদ্যুতের পাশাপাশি গ্যাস ও পানির তীব্র সংকটের কথা তুলে ধরে তিনি পোস্টে জানান, এলাকায় দিনের পর দিন গ্যাস থাকে না এবং গত কয়েক দিন ধরে পানি সরবরাহও পুরোপুরি বন্ধ রয়েছে। রিজার্ভ বা জমানো পানিও ফুরিয়ে যাওয়ায় ভোরের দিকে প্রাত্যহিক জরুরি কাজ বা ওজু করার মতো ন্যূনতম সুযোগটুকুও থাকছে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক অসন্তোষের বিষয় টেনে এনে ওই পোস্টে তীর্যক মন্তব্য করে তিনি আরও লেখেন, “‘ফ্যাসিস্ট’ খেদাইয়া নতুন স্বাধীনতা লইয়া দারুণ চিল করতেসি আমরা, তাইনা? শান্তি আর নিরাপত্তা তো গ্যাসগা ঠ্যাল আনতে। জিগাইতে মন খায় - গ্যাস, বিদ্যুৎ, পানি এডি কি ‘ফ্যাসিস্ট হাসিনা’ নিজে বানাইতো যে ব্যাগে ভইরা লগে কইরা ইন্ডিয়া লইয়া গেছেগা? আপনারা কি ছিঁড়তেসেন?”
উল্লেখ্য, ২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত এই সংগীতশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব গান ও উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করে থাকেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি গ্যাস, বিদ্যুৎ ও পানির ত্রিমুখী সংকটে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

আপনার মূল্যবান মতামত দিন: