নতুন ৮ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল
দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ৭২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর কারও শরীরে হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুর শরীরে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন। একই সময়ে দেশে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে দেশে হামের উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে উপসর্গে মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। নতুন করে আরও আট শিশুর মৃত্যুতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: