এমপি নজরুলকে ঘিরে অভিযোগ: তথ্য যাচাই শেষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো দল গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জামায়াত জানায়, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্যও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে দল আরও অনুসন্ধান চালাবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টির প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত ও যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: