জবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা, ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ; আহত জকসু ভিপি-জিএস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
হামলায় জকসু সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা এবং আইনবিষয়ক সম্পাদক ফারুক আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জকসু।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জকসু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে দ্রুত হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি প্ল্যাকার্ডে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যানের সামনে এসব দাবি উপস্থাপনের উদ্দেশ্যে জকসুর প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন।
অভিযোগ অনুযায়ী, প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে জকসু প্রতিনিধিদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন জকসু নেতারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকে ধাক্কা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ভিডিওতে আরও দেখা যায়, অডিটোরিয়ামের গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে গেট বন্ধ করে দেওয়া হলে জকসু নেতারা ছেঁড়া প্ল্যাকার্ড হাতে অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেন।
জকসু নেতাদের দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শান্তিপূর্ণভাবে ইউজিসি চেয়ারম্যানের সামনে উপস্থাপন করতে চাইলেও তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে।
জকসু সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।”
জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
**Keywords:** জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জকসু, ছাত্রদল, জবি হামলা, ইউজিসি চেয়ারম্যান

আপনার মূল্যবান মতামত দিন: