মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহাগ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর শাহাপুর গ্রামের ওমর গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া সোহাগ হোসেন দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই ২০২৬ তিনি স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে নিরুপায় হয়ে শারমিন আক্তার পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শারমিন আক্তারের বাবা-মা পুলিশের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর গত ২ আগস্ট শারমিন আক্তার বাদী হয়ে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-৭।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার তদন্তও অব্যাহত রয়েছে।
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মূল্যবান মতামত দিন: