সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান, ‘ভুয়া-ভুয়া’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্নের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ শেষে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় সংসদের অধিবেশন চলমান ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় বহু পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল, অসঙ্গতি এবং অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিন দফা দাবিতে আন্দোলন
বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো—
— শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
— ১৩ জুলাই যারা প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি—সব শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন।
— ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র প্রণয়ন।
দাবি ঘোষণার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হন এবং সন্ধ্যায় সেখানে অবস্থান নেন।
সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পরে তারা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন এবং একপর্যায়ে শিক্ষা বোর্ডের গেটে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের ঘটনাও ঘটে।
এরপর বিকেলে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সংসদে শিক্ষামন্ত্রীর আশ্বাস
দিনভর আন্দোলনের মধ্যেই জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে যেসব ভুল রয়েছে, সেসবের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। এছাড়া যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় সমস্যা হয়েছে, প্রয়োজন হলে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
তবে শিক্ষার্থীরা মন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট নন।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, "আগেও অনেক ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই আমরা কোনো আশ্বাসে বিশ্বাস করছি না। শিক্ষামন্ত্রীকে আমরা এই পদে যোগ্য মনে করি না।"
দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন
রাজধানীর পাশাপাশি উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া ও দেশের আরও কয়েকটি জেলায় এইচএসসি পরীক্ষা ইস্যুতে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আপনার মূল্যবান মতামত দিন: