চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার প্রায় ৭০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের ২০০টি গবাদি পশুর জন্যও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবিতে কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, অন্যান্য বিজিবি কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় এমন স্বাস্থ্যসেবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সীমান্তবাসীর চিকিৎসাসেবা পাওয়া সহজ হয়েছে এবং বিজিবির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবাসীর পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: