আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করেছে। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। নতুন সমন্বয়ের ফলে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা রয়েছে।
স্বর্ণের দাম পুনর্নির্ধারণের ফলে গয়না ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মূল্যবান মতামত দিন: