ময়মনসিংহ সেনানিবাসে সফল ফায়ারিং সম্পন্ন করল জাককানইবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা
ময়মনসিংহ সেনানিবাসে সফলভাবে ফায়ারিং কার্যক্রম সম্পন্ন করে ক্যাম্পাসে ফিরেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা। রোববার (১৬ আগস্ট) রমনা রেজিমেন্টের অধীনস্থ এ প্লাটুনের ক্যাডেটরা দিনব্যাপী ফায়ারিং অনুশীলনে অংশ নেন।
ময়মনসিংহ সেনানিবাসে আয়োজিত এ ফায়ারিং কার্যক্রমে জাককানইবির পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন।
ফায়ারিং অনুশীলনে জাককানইবি প্লাটুনের ক্যাডেটরা শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেন। বিশেষ করে গ্রুপিং ফায়ারিংয়ে ভালো ফলাফল করায় প্লাটুনের বেশ কয়েকজন ক্যাডেট দ্বিতীয়বার ফায়ারিংয়ের সুযোগ পান। বিষয়টি প্লাটুনের ক্যাডেটদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুশীলন চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কয়েকজন ক্যাডেট অনাকাঙ্ক্ষিতভাবে হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। তবে এসব পরিস্থিতির মধ্যেও ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ ও মনোবল অটুট ছিল।
সফলভাবে ফায়ারিং কার্যক্রম সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ও প্লাটুনের প্লাটুন কমান্ডার (PO) মো. রকিবুজ্জামান এবং আরএসএম (RSM)-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাডেটরা।
প্লাটুন সূত্রে জানা গেছে, ফায়ারিং কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ২২ আগস্ট পুনরায় একটি ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এসব কার্যক্রম ক্যাডেটদের দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে জাককানইবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের ধারাবাহিক অংশগ্রহণ ও অর্জন ভবিষ্যতে প্লাটুনটিকে আরও সুসংগঠিত ও দক্ষ করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মূল্যবান মতামত দিন: