আন্দোলন স্থগিতের অনুরোধ প্রত্যাখ্যান ককরোচ পার্টির
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সোমবার (২০ জুলাই) এই বৈঠকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান মন্ত্রী। তবে সিজেপি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
বৈঠক শেষে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেপি নাড্ডা জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জনজীবন স্বাভাবিক করতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
তবে কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসেও আন্দোলন থেকে সরে আসেনি সিজেপি। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক্সে জানান, ‘জেপি নাড্ডার কাছে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ বা অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন উপযুক্ত ফোরামে এসব দাবি নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত সরকার কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন থামবে না।’
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে আন্দোলনকারীদের ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ পদযাত্রা বা ‘সংসদ চলো’ অভিযানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যন্তর মন্তরে টানা এক মাস অবস্থান করে আপনারা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন। সারা দেশ থেকে মানুষ আজ এখানে জড়ো হচ্ছেন।’
তথ্যসূত্র: দ্য হিন্দু

আপনার মূল্যবান মতামত দিন: