গ্রাম পুলিশের ১৯তম ও ২০তম গ্রেড বাস্তবায়নের দাবি, আপিল বিভাগে মামলার দ্রুত নিষ্পত্তির আহ্বান
আপিল বিভাগে বিচারাধীন গ্রাম পুলিশের বেতন গ্রেড-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ১৯তম ও ২০তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থা। এ দাবির প্রতি আইনি সহায়তা ও সমর্থন জানিয়েছে বাংলাদেশ রাইটস ফর পিপল (Bangladesh Rights for People)।
রোববার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে এ আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিয়াউল হক। এ সময় আপিল বিভাগের কজলিস্টে সিভিল আপিল নং- ৯৮/২০২১, ‘বাংলাদেশ ও অন্যান্য বনাম লাল মিয়া ও অন্যান্য’ মামলাটি শুনানির তালিকায় ছিল।
সভাপতি এস এম জিয়াউল হক বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ সদস্যরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত। বর্তমানে মাত্র ৭ হাজার ৫০০ টাকা ভাতায় একজন গ্রাম পুলিশ সদস্যের পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন। তাই আপিল বিভাগে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে গ্রাম পুলিশের ১৯তম ও ২০তম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোঃ হাতেম আলী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মন্টু রবি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয়, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
তারা আশা প্রকাশ করেন, আপিল বিভাগে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান হবে এবং ১৯তম ও ২০তম গ্রেড বাস্তবায়নের পথ সুগম হবে।

আপনার মূল্যবান মতামত দিন: