পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে করা রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। তিনি নতুন একটি ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।
রিটে বলা হয়, এ ধরনের আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বা ‘যৌতুক আইন’এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানির সুযোগ কমবে।
এছাড়া, পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে সরকার কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে উদ্যোগ নেয়নি, সেই নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারির আবেদনও করা হয়।
রিটে আরও অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারকে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানানো হয়।
এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছিল।

আপনার মূল্যবান মতামত দিন: