রাসুল (সা.) যেভাবে তরুণদের নেতৃত্ব ও প্রতিভা বিকাশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন
ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের পেছনে তরুণ সাহাবিদের অসামান্য অবদান রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুধু তাদের প্রতি ভালোবাসাই প্রদর্শন করেননি, বরং তাদের যোগ্যতা ও প্রতিভা চিহ্নিত করে যথাযথ দায়িত্ব অর্পণ, মতামতের মূল্যায়ন এবং জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করেছিলেন।
ফলে অনেক তরুণ সাহাবিই পরবর্তীকালে ইসলামের ইতিহাসে প্রখ্যাত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন।
তরুণদের মতামতের প্রতি গুরুত্ব
মহানবী (সা.) তরুণদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, তাদের চিন্তা ও সম্ভাবনাকে গুরুত্ব দিতেন এবং সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতেন। তাঁর এই নেতৃত্বের ধরণ তরুণদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলেছিল।
প্রতিভা চিহ্নিত করে দায়িত্ব প্রদান
এর অন্যতম উজ্জ্বল উদাহরণ জায়েদ ইবনে সাবিত (রা.)। মাত্র ১৩ বছর বয়সে তিনি বদর যুদ্ধে অংশ নিতে চাইলেও বয়সের কারণে অনুমতি পাননি। তবে মহানবী (সা.) তাঁর মেধা ও আগ্রহ উপলব্ধি করে তাকে হিব্রু ও সুরিয়ানি ভাষা শেখার নির্দেশ দেন।
অল্প সময়ের মধ্যেই জায়েদ (রা.) রাসুল (সা.)-এর অন্যতম দাপ্তরিক লেখক ও দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)-এর আমলে পবিত্র কোরআন সংকলনের ঐতিহাসিক দায়িত্বও তাঁর ওপর অর্পিত হয়। এই ঘটনা প্রমাণ করে, তরুণদের প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনা কতটা গুরুত্বপূর্ণ।
নেতৃত্বের দায়িত্বে তরুণ সাহাবি
মুসআব ইবনে উমায়ের (রা.) ছিলেন আরেকজন মেধাবী তরুণ সাহাবি। নবুয়তের শুরুর দিকে মদিনার মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মহানবী (সা.) তাঁকে ইসলামের প্রথম দূত হিসেবে পাঠান।
তৎকালীন সমাজে প্রবীণ ও অভিজ্ঞ সাহাবিদের উপস্থিতি থাকা সত্ত্বেও একজন তরুণের ওপর এত বড় দায়িত্ব অর্পণ ছিল মহানবী (সা.)-এর দূরদর্শী নেতৃত্বের অনন্য উদাহরণ। তাঁর সফল দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মদিনার বহু পরিবার ইসলামের আলোয় আলোকিত হয়।
সহানুভূতি ও মনস্তাত্ত্বিক প্রজ্ঞা
তরুণদের সঙ্গে মহানবী (সা.)-এর আচরণ ছিল অত্যন্ত কোমল ও মানবিক। এক যুবক তাঁর কাছে ব্যভিচারের অনুমতি চাইলে তিনি রাগ বা অপমান না করে যুক্তি ও সহানুভূতির মাধ্যমে বিষয়টি বোঝান। এরপর ওই যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যাতে তাঁর অন্তর পবিত্র থাকে এবং তিনি চরিত্র রক্ষা করতে পারেন।
এই শিক্ষণীয় ঘটনা প্রমাণ করে, তরুণদের ভুল শুধরে দিতে ধৈর্য, সংলাপ ও ভালোবাসাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
জ্ঞান ও দোয়ার মাধ্যমে অনুপ্রেরণা
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) ছিলেন মহানবী (সা.)-এর চাচাতো ভাই এবং জ্ঞানার্জনে অত্যন্ত আগ্রহী এক তরুণ সাহাবি। তাঁর নিষ্ঠা দেখে রাসুল (সা.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেন তাঁকে দ্বীনের গভীর জ্ঞান এবং কোরআনের তাফসিরের বিশেষ প্রজ্ঞা দান করা হয়।
এই দোয়ার বরকতেই ইবনে আব্বাস (রা.) পরবর্তীকালে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির ও হাদিস বিশারদ হিসেবে খ্যাতি অর্জন করেন। এছাড়া এক সফরে মহানবী (সা.) তাঁকে তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা এবং ঈমানের দৃঢ়তা সম্পর্কে যে মূল্যবান উপদেশ দিয়েছিলেন, তা আজও মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস।
তরুণদের ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত
মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশ্বাস করতেন, সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি তাদের ওপর আস্থা রেখেছেন, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দিয়েছেন, জ্ঞানচর্চায় উৎসাহিত করেছেন এবং ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে নেতৃত্বের উপযুক্ত করে গড়ে তুলেছেন।
আজকের সমাজেও তরুণদের মতামতের মূল্যায়ন, দক্ষতা বিকাশ এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা হলে একটি মানবিক, দক্ষ ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব—মহানবী (সা.)-এর জীবন থেকে এ শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আপনার মূল্যবান মতামত দিন: