বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় বেশিরভাগ প্রার্থী অকৃতকার্য, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ
জেলা পর্যায়ে কোচ নিয়োগে যোগ্য প্রার্থী না পাওয়ায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য মোট ৬১টি পদে নিয়োগের লক্ষ্যে ২১৮ জন আবেদন করেছিলেন। গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে লিখিত এবং দ্বিতীয় দিনে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, আবেদনকারীদের মধ্যে ১৭০ জনের বেশি লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে প্রাথমিকভাবে মাত্র ৩৯ জন পরীক্ষায় পাস করেন, যা মোট শূন্য পদের তুলনায় অনেক কম।
এ অবস্থায় শূন্য পদ পূরণে বিসিবি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
এদিকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগও এখনো নিশ্চিত হয়নি। বিসিবি তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাসহ নির্ধারিত শর্তগুলো যাচাই করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যোগ্যতার শর্ত পূরণ না হলে প্রাথমিকভাবে উত্তীর্ণ কয়েকজনও চূড়ান্ত নিয়োগ তালিকা থেকে বাদ পড়তে পারেন।
জেলা পর্যায়ে দক্ষ কোচ নিয়োগের মাধ্যমে তৃণমূল ক্রিকেটের মানোন্নয়ন এবং প্রতিভাবান ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে বিসিবি। তবে সাম্প্রতিক পরীক্ষার ফলাফল থেকে বোঝা যাচ্ছে, প্রয়োজনীয় মানসম্পন্ন কোচের সংকট এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: