বাগেরহাটে আইনজীবীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের হাড়িখালীতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: