মাগুরায় নিখোঁজ স্কুলছাত্রীকে ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
মাগুরায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক ছাত্রীকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়ে আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এক নারী মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বরাবর অভিযোগ করেন যে, তাঁর মেয়ে আয়েশা নুর (১১), সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী, সকালে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইকে ওঠার পর নিখোঁজ হয়ে যায়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, মাগুরা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিএসবিসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ জানায়, অভিযানের ধারাবাহিকতায় নিখোঁজের খবর পাওয়ার প্রায় তিন ঘণ্টার মধ্যেই আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ভুক্তভোগী ছাত্রীর প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ইজিবাইকে ওঠার সময় এক অপরিচিত ব্যক্তি একই যানবাহনে উঠে তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরে পেয়ে ওই স্থান থেকে বের হয়ে আসে। পরবর্তীতে মাগুরা জেলা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।
তবে ছাত্রীর দেওয়া বক্তব্যের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন অভিভাবকদের সন্তানদের চলাচলের বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মূল্যবান মতামত দিন: