দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে সন্তোষজনক অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। শর্ত অনুযায়ী, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ার পথ সুগম হলো। তবে সরকারের নির্ধারিত শর্ত যথাযথভাবে প্রতিপালনের ওপরই হাসপাতালটির ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করবে।

আপনার মূল্যবান মতামত দিন: