হরমুজ প্রণালিতে ‘অবৈধ পথে’ চলার অভিযোগে ৬ জাহাজ আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করার অভিযোগে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, জাহাজগুলো নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে ‘অবৈধ ও অনিরাপদ’ পথে পার হওয়ার চেষ্টা করছিল।
সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইরানের দাবি অনুযায়ী, সোমবার ভোরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নির্ধারিত নৌপথ এড়িয়ে ছয়টি জাহাজ বিকল্প পথে চলাচলের চেষ্টা করে। এ সময় একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। অপর পাঁচটি জাহাজকে ইরানের নিয়ন্ত্রণে আবারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়।
আইআরআইবির প্রতিবেদনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উসকানিতে জাহাজগুলো অনুমোদিত পথ এড়িয়ে চলার চেষ্টা করেছিল।
ওই কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত রুট আন্তর্জাতিকভাবে সুস্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। এর বাইরে থাকা পথগুলো বিপজ্জনক এবং নৌযান চলাচলের জন্য উপযুক্ত নয়।
তবে ইরান এখনো জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল, কতজন ক্রু ছিলেন বা দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রণালিটিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: