আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সর্বশেষ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন এ মূল্য সোমবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: